২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জলবায়ু ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে আলোচনা

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
জলবায়ু ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে আলোচনা

এস এম তাজুল ইসলাম : জলবায়ু পরিবর্তন মোকাবিলা, রোহিঙ্গা সংকটের সমাধান এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের আলোচনা থেকে কীভাবে বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে। ব্রিটিশ হাইকমিশনার জানান, কপ-৩১ সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন একটি ব্যবস্থায় পরিচ্ছন্ন জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্য প্রথমবারের মতো ৪০০ মিলিয়ন পাউন্ড অবদান রেখেছে। এ উদ্যোগের আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি জলবায়ু বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক আঁশের ব্যবহার ও প্রসারে সহযোগিতার বিষয় উঠে আসে।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান। ওই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। তিনি রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ আরও জোরদার করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

এ সময় এডিনবার্গের ডাচেস সোফির সাম্প্রতিক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ রোহিঙ্গাদের পক্ষে তাঁর ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। জবাবে ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বপরিসরে তুলে ধরতে এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারে ওই জাদুঘরের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকের শেষে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।