নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন। পরে ফিলিপ ওং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ফিলিপ ওংকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে দুই দেশের উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন, বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও শ্রম খাতে সহযোগিতা এবং জলবায়ু সহযোগিতা বিষয়ে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন তিনি।
জবাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি পারস্পরিক সুবিধাজনক সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এর সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সিঙ্গাপুরের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় ঘোষিত রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন তিনি।