২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তুলতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ণ
রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তুলতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

এস এম তাজুল ইসলাম : দেশের প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন জনসাধারণের সামনে তুলে ধরা এবং উৎপাদনের পাশাপাশি রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’। ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করবেন।

মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এসব স্টল ও প্যাভিলিয়নে প্রাণিস্বাস্থ্য ও ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য ও পুষ্টি, গবেষণা ও উদ্ভাবন, প্রাণিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও রপ্তানির বিভিন্ন দিক তুলে ধরা হবে। দর্শনার্থীরা প্রাণিজ খাদ্যের পুষ্টিগুণ, মূল্য সংযোজন এবং রপ্তানির সম্ভাবনা সম্পর্কেও ধারণা পাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে। এর মধ্যে আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক। বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এসব পদকে ভূষিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন।

প্রাণিসম্পদ খাতের রপ্তানি সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে ৩০৯ কোটি টাকার প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ে মোট ৮ হাজার ৬৪৯ টন পণ্য রপ্তানি করা হয়েছে। রপ্তানিপণ্যের মধ্যে রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, বোনলেস বিফ, ওমাসাম, চামড়া ও চামড়াজাত পণ্য, হাঁসের পালক এবং দুগ্ধজাত পণ্য। এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন ও হংকংসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ অর্থবছরে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। এসব উৎপাদন দেশের মানুষের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনেও ভূমিকা রাখছে প্রাণিসম্পদ খাত।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে অংশীজনদের সমন্বয়ে আলোচনা সভা, বাংলাদেশ টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান, বেসরকারি টেলিভিশনে টক শো, ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা, প্রাণিসম্পদ প্রদর্শনী, রেসিপি প্রতিযোগিতা, র‍্যাম্প শো এবং প্রযুক্তি হস্তান্তরবিষয়ক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসার, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মান অর্জন ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তোলার পথ আরও সুগম হবে।

তিনি এ আয়োজন সফল করতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।