২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সরকারের কার্যক্রম ও অর্জন তুলে ধরে তথ্য উপদেষ্টার সাপ্তাহিক প্রেস ব্রিফিং

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ণ
সরকারের কার্যক্রম ও অর্জন তুলে ধরে তথ্য উপদেষ্টার সাপ্তাহিক প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক: সরকারের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও অর্জন তুলে ধরে সাপ্তাহিক প্রেস ব্রিফিং করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে উপদেষ্টা সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

যাত্রা-সার্কাসে অশ্লীলতা, জুয়া-মাদক থাকলে নিষিদ্ধ করা হবে:

প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, যাত্রা ও সার্কাস বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ। এসব আয়োজন পুনরুজ্জীবিত করতে সরকার উদ্যোগ নেবে। তবে আয়োজনের সঙ্গে অশ্লীলতা, জুয়া, হাউজি কিংবা মাদকসহ কোনো অবৈধ কর্মকাণ্ড যুক্ত থাকতে পারবে না। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে কোনো দল এসব কর্মকাণ্ডে জড়িত হলে তাদের ভবিষ্যতে আর আয়োজনের অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট দলকে নিষিদ্ধ করা হবে।

তিনি বলেন, সুস্থ ও শালীন ধারার যাত্রা-সার্কাসের আয়োজন অব্যাহত থাকবে। কোনো অন্যায় না হলে সাংস্কৃতিক আয়োজন বন্ধ করতে দেওয়া হবে না। এ ধরনের আয়োজনে বাধা সৃষ্টির চেষ্টা হলে সরকার তা প্রতিহত করবে।

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে:

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, পুলিশ প্রয়োজনে বলপ্রয়োগ করতে পারে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না। প্রয়োজন অনুযায়ী আনুপাতিক বলপ্রয়োগের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

১৯ নভেম্বরের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এ কর্মসূচি নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না। ঢাকায় এর তেমন প্রভাব পড়বে না এবং সারাদেশেও বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা করছে না সরকার।

গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে প্রস্তুতি সম্পন্ন:

গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ কী চায় এবং কীভাবে চায়, তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।