২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

অবৈধ জাল উৎপাদন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৪, ০১:২২ পূর্বাহ্ণ
অবৈধ জাল উৎপাদন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার :
জাটকাসহ মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ জাল উৎপাদন বন্ধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অবৈধ জাল যেন প্রশাসন সমূলে নির্মূল করে সেটি আমরা বলেছি। আমরা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের চিঠি দেবো। যাতে কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জালের উৎসমুখ বন্ধ করা হয়। তিনি আরও বলেন, চাঁদপুরসহ দেশের নদীগুলোর নাব্য সংকট দূর করতে ও অভয়াশ্রমে জেলেদের প্রণোদনা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করবো। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের নৌপথগুলোকে ড্রেজিংয়ের আওতায় আনার জন্য বলেছেন। ইতোমধ্যে বহু নৌপথ খনন করা হয়েছে। এবারও নৌপথ খনন করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানসহ প্রশাসনিক, রাজনৈতিক ও মৎস্য বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অতিথিদের অংশগ্রহণে চাঁদপুরের পদ্মা-মেঘনায় বিশাল নৌ র?্যালি বের করা হয়।