৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিমানবাহিনীর কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় ছায়া তদন্তে পিবিআই, মোটরসাইকেল উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ণ
বিমানবাহিনীর কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় ছায়া তদন্তে পিবিআই, মোটরসাইকেল উদ্ধার

এস এম তাজুল ইসলাম :
বিমানবাহিনীর কর্মকর্তার মৃত্যুর ঘটনায় নৌ পুলিশ মূল তদন্ত পরিচালনা করছে। তবে ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) ছায়া তদন্তের পাশাপাশি নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। এ ঘটনায় তথ্য সংগ্রহের জন্য আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে আনা হয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, গত রাতে আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে আনা হয়। ঘটনার আগে তারা দুজন একসঙ্গে ছিলেন। কোথায় কোথায় গিয়েছিলেন এবং তাদের চলাফেরার বিষয়ে তার দেওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে, মরদেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি নিহত ব্যক্তির কি না, তা নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে।

পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক সাজেদুর রহমান জানান, বিমানবাহিনীর কর্মকর্তার মামলাটি নৌ পুলিশ তদন্ত করছে। জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে। পুলিশের অন্যান্য ইউনিটের মতো পিবিআইও তদন্ত-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে।

তিনি আরও জানান, তদন্তে প্রাপ্ত সব তথ্য ও আলামত নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং পরবর্তী সময়েও প্রয়োজনীয় তথ্য হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, মরদেহটি উদ্ধার করা হয় উত্তরখান থানাধীন নদী থেকে। আর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়। মোটরসাইকেলটির মালিকানা ও ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা নিশ্চিত করতে তদন্ত চলছে।