নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সংসদীয় সম্পৃক্ততা বৃদ্ধি ও সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে সভাপতি করে ‘প্রতিবন্ধী অধিকার বিষয়ক সংসদীয় ককাস’ গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা এক নোটিফিকেশনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ককাসের সদস্যরা হলেন—মোহাম্মদ আক্তারুজ্জামান (১৫৫, ময়মনসিংহ-১০), নেওয়াজ হালিমা আরলী (৩০৫, সংরক্ষিত মহিলা আসন-৫), নিলোফার চৌধুরী মনি (৩১০, সংরক্ষিত মহিলা আসন-১০), সেলিনা সুলতানা (৩৩৫, সংরক্ষিত মহিলা আসন-৩৫), নাদিয়া পাঠান পাপন (৩৩২, সংরক্ষিত মহিলা আসন-৩২), মোসাঃ নাজমুন নাহার (৩৪০, সংরক্ষিত মহিলা আসন-৪০), মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি (৩৫০, সংরক্ষিত মহিলা আসন-৫০), মাহাবুবা হাকিম (৩৪৮, সংরক্ষিত মহিলা আসন-৪৮) এবং তাসমিয়া প্রধান (৩৪৭, সংরক্ষিত মহিলা আসন-৪৭)।
এই ককাস গঠনের প্রধান উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আইন ও নীতিগত উদ্যোগ জোরদার, সংশ্লিষ্ট কর্মসূচির বাস্তবায়ন তদারকি, অন্তর্ভুক্তিমূলক বাজেট বরাদ্দ ও প্রবেশগম্যতা নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানো। পাশাপাশি জাতীয় প্রতিবন্ধী আইন ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং সংসদ সদস্যদের সাথে প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের সংগঠনগুলোর নিয়মিত সংলাপের সুযোগ সৃষ্টিতেও এ ককাস কাজ করবে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এ ককাসের প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদ সচিবালয় ককাসের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।