২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

দ্বন্দ্ব-কোন্দল ভুলে দল গোছানোর তাগিদ প্রধানমন্ত্রীর

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৪, ০৫:১৬ অপরাহ্ণ
দ্বন্দ্ব-কোন্দল ভুলে দল গোছানোর তাগিদ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচনকেন্দ্রিক দ্বন্দ্ব-কোন্দল ভুলে দল গোছানোর জন্য নেতাদের তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন করে দলকে এগিয়ে নিতে হবে। নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় জনপ্রতিনিধিদের নির্দেশনাও দিয়েছেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন জেলা ও মহানগর নেতা এবং জনপ্রতিনিধিরা গতকাল বুধবার গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জের তিন মেয়রসহ কয়েকজন এমপি এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সাংগঠনিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও দলের জন্য কাজ করতে হবে। দ্বন্দ্ব-কোন্দল করা যাবে না। ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী, সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, এইচ এম বদিউজ্জামান সোহাগ এমপি, রনজিত চন্দ্র সরকার এমপি, অভিনেত্রী তারিন জাহান প্রমুখ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামে পার্ক নির্মাণে ভূমি বরাদ্দে সহযোগিতা চান। এ সময় ভূমি বরাদ্দের আশ্বাস দেন সরকার প্রধান। মেয়র তিন বছরের দায়িত্ব পালনকালে সিটি করপোরেশনের উন্নয়ন প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। প্রতিবেদনের বইটি পড়ে ভূয়সী প্রশংসার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রতিবেদনটি জনগণের কাছে প্রচারের নির্দেশ দেন শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মেয়র। তিনি জানান, চট্টগ্রাম ঘিরে প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো বাস্তবায়িত হলে এটি বিশ্ববাণিজ্যের কেন্দ্র হয়ে উঠবে। বৈদেশিক মুদ্রা অর্জন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়নে অগ্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসীর পক্ষে ধন্যবাদ জানান মেয়র। মেয়র রেজাউল করিম বলেন, নগরবাসীর সুস্থ বিনোদনের জন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও পার্ক গড়ার পরিকল্পনার কথা তুলে ধরে এ কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীর কাছে বর্ণনা করা হয়েছে। চট্টগ্রাম সুন্দর শহর হলেও এখানে কোনো পার্ক নেই। শিশুদের পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদনের জায়গা নেই। তাই শহরে পার্ক করার জন্য কর্ণফুলী নদীতীরসহ কয়েকটি জায়গার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণের পর সিলেটে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন। এখন পুরোদমে ক্লিন সিলেট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা ত্যাগী নেতাদের মূল্যায়ন করে দলকে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী সিলেটের বিভিন্ন বিষয়ে খোঁজ নিয়েছেন। উন্নয়ন ও দলের জন্য কাজ করতে বলেছেন। বিশেষ কোনো বার্তা আছে কিনা– এ প্রশ্নে তিনি বলেন, একসঙ্গে কাজ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মেয়রের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। তিনি জানান, বঙ্গবন্ধুর সঙ্গে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাদের দুটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দিতে তিনি গণভবনে যান।