২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সদরঘাটের দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট স্থগিত, আটক ৫

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ
সদরঘাটের দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট স্থগিত, আটক ৫

এনবি ডেস্ক: সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহতের ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ’র পরিচালক (ট্রাফিক) জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এমভি তাসরিফ-৪ ও এমভি পূবালী-১ লঞ্চ দুটি রশি দিয়ে সদরঘাটের পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকে পড়ে।

এ সময় ওই লঞ্চের ধাক্কা খেয়ে পন্টুনে বেঁধে রাখা এমভি তাসরিফ-৪-এর দড়ি ছিঁড়ে গেলে যাত্রীরা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুল্যান্সে আহতদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- বেলাল হোসেন (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (২৪) ও তাদের চার বছর বয়সি সন্তান মাইশা (৪)। নিহত অপর দুজন হলেন ঠাকুরগাঁওয়ের রবিউল (১৯) এবং পটুয়াখালীর রিপন হাওলাদার (৩৮)।