২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

বর্তমানে খাদ্যের অভাবে মানুষ মারা গেছে এমন নজির দেশে নেই: খাদ্যমন্ত্রী

admin
প্রকাশিত জুন ১৩, ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ
বর্তমানে খাদ্যের অভাবে মানুষ মারা গেছে এমন নজির দেশে নেই: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে চালের মান অনেক ভালো বলে আমি মনে করি। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বর্তমানে খাদ্যের অভাবে কোনো মানুষ মারা গেছে এমন নজির বাংলাদেশে নেই। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত। পাশাপাশি তিনি কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ কৃষি যত এগিয়ে যাবে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও বাড়বে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলোতে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একসময় আমাদের খাদ্যের অভাব ছিল। অনেকেই তখন একবেলা ভাত খেতো। বিদেশ থেকে চাল আমদানি করে তখন খেতে হতো। আর তখন ধারণা ছিল গোডাউনের চাল মানেই গন্ধ চাল। আর এখন গোডাউনের চালের জন্য মানুষ লাইন ধরে। যখন দেশে খাদ্যের অভাব ছিল তখন অনেকেই ভাতের মাড় খেতো। অনেকেই আবার রুটি খেতো। আটা কিনলে মনে করতো সে মনে হয় সবচেয়ে গরীব মানুষ। আর এখন কিন্তু গরিবের তিন বেলা ভাত খায় এবং ধনীরা আটা খায়। সেটা ওজন বাড়ার ভয়েই হোক কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্যই হোক। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন ও খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।