২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

বিদেশে বাংলাদেশের শ্রমবাজার একটা মহল নষ্ট করতে চায়-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২৪, ০৩:৪১ অপরাহ্ণ
বিদেশে বাংলাদেশের শ্রমবাজার একটা মহল নষ্ট করতে চায়-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। এই বিদেশে বাংলাদেশের শ্রমবাজারটা এখন একটা মহল নষ্ট করতে চায়। ১৯৭১ সালের যুদ্ধাপরাধী জামায়াত-বিএনপির প্রেতাত্মারা এসব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত।’

বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মালয়েশিয়ার শ্রমবাজার কবে নাগাদ খুলতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিষয়ে সে দেশের সরকারের কাছে চিঠি দেয়া হয়েছে। আগামী মাসে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে। শ্রমবাজার কবে খুলবে- এ বিষয়ে তখন জানা যাবে।’

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) জানিয়েছে, যেতে না পারা কর্মীদের মধ্যে ৭০ শতাংশকে টাকা ফেরত দেয়া হয়েছে। আমরা বায়রাকে বলেছি, কর্মীরা যত টাকা দিয়েছে, সেই টাকা পাওয়ার পর তারা এগ্রিমেন্টে সাইন করবে, যে আমরা টাকা পেয়েছি। এরপর সেই লিস্ট বায়রা আমাদেরকে পাঠাবে। তখন জানা যাবে, কতজন মানুষ টাকা পেয়েছে। তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখনই এটা নির্দিষ্ট করে বলতে পারছিনা। সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংযুক্ত আরব আমিরাত ইস্যুতে বাংলাদেশীদের শাস্তির বিষয়ে তিনি বলেন, প্রবাসীরা যে দেশে বসবাস করবে, সে দেশের আইন সম্পর্কে তাদের সচেতন থাকা উচিত। দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। এ জন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করবো না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।