২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের নির্দেশ

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ণ
জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের নির্দেশ

স্টাফ রিপোর্টার :
সাইবার পেট্রোলিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশনা প্রদান করেছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। রোববার (২৪ মার্চ) পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভায় অতিরিক্ত আইজিপি বলেন, এলাকাভিত্তিক কিশোর অপরাধীদের চিহ্নিত করে কিশোর অপরাধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের কোথাও কিশোররা যেন কিশোর গ্যাংয়ের নামে সংঘটিত হয়ে অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। সভায় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং এবং খাদ্য মজুত নিয়ন্ত্রণে সকল ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করা হয়। মামলার সাজা পরোয়ানা নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদানের নির্দেশ দেওয়া হয়। আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম ত্বরান্বিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, সভায় ফেব্রুয়ারি মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন। পুলিশ সদরদপ্তর প্রান্তে ডিআইজি (অপারেশনস-অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।