২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

স্বাধীনতাসংগ্রাম বিশ্বে বিজয়ের প্রতীক হয়ে থাকবে : জি এম কাদের

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ণ
স্বাধীনতাসংগ্রাম বিশ্বে বিজয়ের প্রতীক হয়ে থাকবে : জি এম কাদের

স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতাসংগ্রাম বাংলাদেশিদের জীবনে অবিনশ্বর চেতনা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘মহান স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ অর্জন। বিশ্বের মুক্তিকামী মানুষের সামনে অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের স্বাধীনতাসংগ্রাম। প্রতিটি জাতির অধিকার আদায়ের সংগ্রামে একাত্তরের গৌরবোজ্জ্বল উত্তাল দিনগুলো আজীবন পথ দেখাবে। আমাদের স্বাধীনতাসংগ্রাম বিশ্বের সামনে বিজয়ের প্রতীক হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধ আজীবন সুখী ও সমৃদ্ধিশালী নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা জোগাবে।’ গতকাল সোমবার (২৫ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন জি এম কাদের। দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা বলেন, ‘২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ এই দিনে আমি দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। অতল শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীর শহীদদের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, মুক্তিযুদ্ধের সংগঠক ও সেই সকল দেশের প্রতি, যারা আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন।’ জি এম কাদের বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর অনুপম নেতৃত্বে বাঙালি জাতি গৌরবের স্বাধীনতা লাভ করেছে। স্মরণ করছি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের আধুনিকায়নে যাঁর অপরিসীম অবদান অক্ষয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।’ জাপা চেয়ারম্যান আরো বলেন, ‘এই শুভক্ষণে আগামী প্রজন্মের সুখময় ভবিষ্যৎ নিশ্চিত করতে ক্ষুধা, দারিদ্র্য এবং দুর্নীতিমুক্ত হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।