২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

দেশে গণতন্ত্র নেই : রিজভী

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ণ
দেশে গণতন্ত্র নেই : রিজভী

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ব্যাংক লুট ও হামলার ঘটনায় অন্য দেশের অস্ত্রধারী সংগঠন ও সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি পাহাড়ে কয়েকটি হামলার ঘটনার দিকে ইঙ্গিত করে গতকাল রোববার উত্তরায় দুস্থ ও দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘অন্য দেশের সন্ত্রাসীরা বাংলাদেশের থানা লুট করছে, অস্ত্র লুট করছে। মানুষ হত্যা করছে। একই জেলার বেশ কয়েকটি থানায় আক্রমণ করেছে, ব্যাংক লুট করেছে। সরকার বর্তমানে বাংলাদেশকে এমন একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে। এখানে স্বাধীনতা আছে কিনা আমরা বলতে পারি না, সার্বভৌমত্ব রয়েছে কিনা আমরা জানি না।’ অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘সরকার নিজেই দস্যুদের মতো আচরণ করছে। তারা নিজেরাই যেখানে ডাকাতদের ভুমিকায় রয়েছে, সেখানে তো জনগণের নিরাপত্তা থাকতে পারে না। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। লুটপাট করে দেশকে ফোকলা করে দিয়েছে। ঈদের প্রাক্কালে একের পর এক ব্যাংক ডাকাতি হচ্ছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি হচ্ছে। ’ দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘একটি দেশ বারবার আমাদের সীমান্তে আক্রমণ করছে, প্রায় প্রতিদিন গুলি করে মানুষ হত্যা করছে। কিন্তু সরকার এর প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না। আমাদের ন্যায্য পানির অধিকার শেখ হাসিনা সরকার আদায় করতে পারেনি। এভাবে তো দেশ চলতে পারে না। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বতো আমরা বিকিয়ে দিতে পারি না। আমরা যদি পিণ্ডির কাছ থেকে দেশ স্বাধীন করতে পারি তাহলে অন্য কোনো দেশ আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। সুতরাং মানুষের অধিকার রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ এ সময় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমনিুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহেমদ, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান প্রমুখ। পরে গরিব-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।