২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে প্রতিজ্ঞাবদ্ধ : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৪, ০১:০১ অপরাহ্ণ
নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে প্রতিজ্ঞাবদ্ধ : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্টাফ রিপোর্টার :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রম সংশ্লিষ্ট বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কাজের সুপরিবেশ নিশ্চিতে আইনের প্রয়োগ বাস্তবায়নে বেশি করে কাজ করতে হবে।
আজ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)’র একটি প্রতিনিধি দল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি প্রতিনিধি দলকে এসব কথা বলেন।
এ সময় আইএলও কান্ট্রি ডিরেক্টর তমো পৌটিইনেন বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশে শ্রমিক, সরকার এবং মালিকপক্ষদের নিয়ে কাজ করছে। অইএলও শুধু শ্রম বিষয়ক ইস্যুতে কাজ করে না আইএলও শ্রমিকদের আইনি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক মান উন্নয়নেও কাজ করছে। আইএলও, বিচারিক কর্মকান্ডের মানোন্নয়ন এবং সকলের কর্মে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে বলে তিনি অবহিত করেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, রানা প্লাজা ট্রাজেডিতে হতাহতরা সঠিকভাবে ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ করেছে, এই অভিযোগ আমলে নিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। আমরা হতাহতদের পুনর্বাসন নিয়েও কাজ করার চিন্তা করছি।
তিনি বলেন,নতুন সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে, শ্রমিকদের সকল ন্যায্য দাবী আদায়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সকলে মিলে কাজ করে দেশের উৎকর্ষ সাধন করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।