এনবি ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের বাড়িতে বিএনপি ছাত্রদল যুবদলের দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার সন্ধ্যায় ওসমানীনগর থানার মোবারকপুর গ্রামের
মোহাম্মদ তোফায়েল মিয়ার নিজ গ্রামের
বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ই আগস্ট শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে
মোহাম্মদ তোফায়েল মিয়ার অংশগ্রহণ করাকে নিয়ে এই হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
হামলার সময় পরিস্থিতির ভয়াবহতা ও আভাস টের পেয়ে তোফায়েল মিয়ার মা, তিন ভাই ও এক বোন দ্রুত বাড়ি থেকে পালিয়ে অন্যত্র গিয়ে
আত্মরক্ষা করতে সক্ষম হন বলে জানা গেছে।
মোহাম্মদ তোফায়েল মিয়া ওসমানীনগর থানার মোবারকপুর গ্রামের মোঃ তুরন মিয়া ও মোছাঃ শাবানা বেগমের দ্বিতীয় সন্তান। তিনি ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
ঘটনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মোহাম্মদ তোফায়েল মিয়ার নিকটাত্মীয় অভিযোগ করেন, এই হামলার পেছনে মৌলভীবাজার জেলার
প্রভাবশালী
বিএনপি নেতা ও মোহাম্মদ তোফায়েল মিয়ার প্রাক্তন শ্বশুর হুমায়ুন কবির চৌধুরীর হাত থাকতে পারে। পারিবারিক ও পূর্ব শত্রুতার ইঙ্গিত দিয়ে তিনি জানান,গত ২০২৪ সালেও একদল দুর্বৃত্ত পাঠিয়ে তোফায়েল মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। সেই পুরনো শত্রুতার জের ধরেই আবারও এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়ে উঠেনি।
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুর্শেদুল হাসান ভূইয়া পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে বলে জানিয়ে মামলা নিতে অস্বীকৃতি জানান।