২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

অরাজকতা ও লুটতরাজ বন্ধ করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪, ০৬:১৬ অপরাহ্ণ
অরাজকতা ও লুটতরাজ বন্ধ করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

স্টাফ রিপোর্টার :
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধ করার জন্য পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।তিনি জানান, রাষ্ট্রপ্রধান পুলিশের প্রতিটি সদস্যকে ‘চেইন অব কমান্ড’ বজায় রেখে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার তাগিদ দেন।এই ক্ষেত্রে নবনিযুক্ত আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।রাষ্ট্রপতি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে।রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোঃ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।