এনবি ডেস্ক: প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত ও ঘোষণার বাস্তবায়নে সদস্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ উদ্দ্যোগের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে এশিয়ায় শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় আইসিএপিপি আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ আজ সিউলের হোটেল শিলার ডাইনেস্টি হলে অনুষ্ঠিত আইসিএপিপির সম্মেলনের শেষ দিনের পঞ্চম ও সর্বশেষ প্ল্যানারি অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, তাঁকে ভাইস চেয়ারপার্সন নির্বাচিত করা এবং সম্মেলনের শেষ প্ল্যানারি সেশনে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সহযোগিতার প্রতিফলন। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের গঠনমূলক বক্তব্য, মূল্যবান মতামত ও প্রস্তাবের প্রশংসা করেন। তিনি আরো বলেন, সম্মেলনের ঘোষণাপত্র প্রণয়ন ও অনুমোদনের ক্ষেত্রে অংশগ্রহণকারী সবার আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা এবং ঐকমত্য প্রতিষ্ঠার মানসিকতা অত্যন্ত প্রশংসনীয়। এর মধ্য দিয়ে এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, গণতন্ত্র, শান্তি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
‘সিউল ঘোষণা’য় এশিয়ার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়, রূপান্তরিত বিশ্বে আস্থা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, দায়িত্বশীল জাতীয় নেতৃত্ব, আরো শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং রাজনৈতিক ও ভৌগোলিক বিভাজন অতিক্রম করে অব্যাহত সংলাপ ও সহযোগিতা অপরিহার্য। ঘোষণায় আরো বলা হয়, এশিয়ার দেশসমূহের সরকার, সংসদ ও নাগরিকদের মধ্যে সংযোগ স্থাপনকারী রাজনৈতিক দল হিসেবে আমরা এ ধরনের আস্থা গড়ে তুলতে আমাদের বিশেষ দায়িত্ব স্বীকার করছি।
সম্মেলনের সমাপনী দিনে বিএনপির প্রতিনিধি দলের নেতা মো. ইসমাইল জবিউল্লাহ এবং দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আইসিএপিপির চেয়ারম্যান চুং জং-সেক, মহাসচিব ওহ সং, ভাইস চেয়ারম্যান মুশাহিদ সাঈদ এবং সম্মেলনের যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন মিনজু (ডেমোক্রেটিক) পার্টির প্রধান কিম মিন-সক ও বিরোধী দল পিপল পাওয়ার পার্টির প্রধান জাং ডং-হিয়ককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এ সময় তাঁদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয় এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও বিরোধী দল পিপল পাওয়ার পার্টির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের মধ্য দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক সংলাপ, পারস্পরিক আস্থা এবং সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।