সিলেট প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট নির্বাচন-২০২৬ উপলক্ষে সিলেটে আজীবন সদস্য নিবন্ধনের ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে শাবিপ্রবিতে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে ফরম বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জাতীয়তাবাদী ঐক্য পরিষদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর আজীবন সদস্য নিবন্ধন পরিচালনা কমিটির উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আয়োজকরা জানান, এ কার্যক্রমের আওতায় সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে আজীবন সদস্যপদের জন্য নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট নির্বাচন-২০২৬ (সিলেট জেলা)-এর কেন্দ্রীয় সমন্বয়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) মো. সুফিয়ান চৌধুরী জানান, সিলেট জেলার অন্তর্ভুক্ত আগ্রহী সকল ঢাবিয়ান যারা আজীবন সদস্য (লাইফ মেম্বার) হিসেবে তালিকাভুক্ত হতে ইচ্ছুক, তারা আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় সমন্বয়কের কাছ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
তিনি সিলেট জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানান।
যোগাযোগ:
মো. সুফিয়ান চৌধুরী
অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
মোবাইল: ০১৭১১-৬৬৯৩২৫