১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইরানি দূতাবাসে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামায়াত সেক্রেটারি অধ্যাপক পরওয়ার

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫, ০৭:১৩ অপরাহ্ণ
ইরানি দূতাবাসে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামায়াত সেক্রেটারি অধ্যাপক পরওয়ার

 

এনবি ডেস্ক: ইরানে রাসায়নিক বিস্ফোরণে ৭০ জনের অধিক নিহত ও সহস্রাধিক লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইরানি দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার বিকাল ৩টায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইরানি দূতাবাসে যান। মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইরানি দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন তিনি। এসময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইরানের বন্দর আব্বাসের কাছে শহিদ রাজাই বন্দরে গত ২৬ এপ্রিল এক ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে ৭০ জনের অধিক লোক নিহত ও এক হাজারের অধিক লোক আহত হন। এ ঘটনায় ঢাকাস্থ ইরান দূতাবাসে শোক বই খোলা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন, ইরানের সরকার ও জনগণ শীঘ্রই বিরাট এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।